মাছের ড্রামে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি

ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাছের ড্রামে বরফের নিচে লুকিয়ে পাচারের চেষ্টা করা প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা শাড়িগুলো উদ্ধার করেন। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের মালামাল রাখার বক্সে থাকা মাছ বহনের ড্রামের ওপর বরফের স্তরের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪২২টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা। উদ্ধার হওয়া মালামাল আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





