দেশের পর্যটন ও যাত্রীসেবা আরও উন্নত করতে ঢাকা-কক্সবাজার রুটে চলতি মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে কক্সবাজারের আইকনিক রেলস্টেশনের ব্যবস্থাপনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রেলপথ পরিদর্শন শেষে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই নতুন ট্রেন চালু হবে। এছাড়া আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে স্টেশনটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করা হবে, যেখানে উন্নত যাত্রীসেবার পাশাপাশি আবাসিক সুবিধাও থাকবে।

প্রতিমন্ত্রী জানান, পর্যটননগরী কক্সবাজারে পর্যটক ও স্থানীয় যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় রেল যোগাযোগ আরও সম্প্রসারণে সরকার কাজ করছে।

এ সময় কক্সবাজার সদরের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, শুধু পর্যটকদের নয়, স্থানীয় মানুষের সুবিধার কথাও বিবেচনায় রেখে ঢাকা–কক্সবাজার রেলপথের সেবার মান আরও বাড়ানো প্রয়োজন।

২০২৩ সালের ১ ডিসেম্বর চালু হওয়া ঢাকা–কক্সবাজার রেলপথ বর্তমানে দেশের অন্যতম ব্যস্ত পর্যটন রুটে পরিণত হয়েছে। পরে এই রুট চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণ করা হয়, ফলে পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হয়েছে।

প্রাইমটিভি/এনজি