যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল। ফিফার ডিসিপ্লিনারি তালিকায় তাদের নাম প্রকাশের পর বিষয়টি সামনে এলেও, এই সিদ্ধান্তের পেছনের নির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি সংস্থাটি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের পর ফিফার ম্যাচ প্রোটোকল ভঙ্গ এবং অনুমতি ছাড়া সীমাবদ্ধ এলাকায় প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের সঙ্গে যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হলেও, ইউএস সকার ফেডারেশন জানিয়েছে দুই কর্মকর্তার বরখাস্তের সঙ্গে বালোগুনের নিষেধাজ্ঞা বা বেলজিয়ামের বিপক্ষে তার খেলার কোনো সম্পর্ক নেই।
বরখাস্তের বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি ইউএস সকার ফেডারেশন। তাদের ভাষ্য, বিষয়টি পুরোপুরি ফিফার এখতিয়ারভুক্ত। অন্যদিকে, ফিফাও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
উল্লেখ্য, স্যাম জাপাটকা ২০১৫ সাল থেকে ইউএস সকার ফেডারেশনের সঙ্গে যুক্ত এবং ২০২০ সাল থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। আর ফ্র্যাঙ্ক প্যানেল দলের নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও সিআইএসহ বিভিন্ন সংস্থায় কাজ করেছেন।
এদিকে শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ ম্যাচে দুই কর্মকর্তার অনুপস্থিতি দেশটির ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ফিফার সিদ্ধান্তের স্বচ্ছতা ও নিয়ম প্রয়োগের ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক সমর্থক ও বিশ্লেষক।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






