ঢাকা থেকে গ্রেপ্তার নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা

ছবিঃ সংগৃহীত
নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা ও ছাত্রলীগ নেতা রাফসান আহাম্মেদ রাফি (২১)কে রাজধানী ঢাকার বসুন্ধরা শপিং মল এলাকা থেকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।
সোমবার (৬ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি বেলাবো উপজেলার বীর বাঘবের গ্রামের আশিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাফসান আহাম্মেদ রাফি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি। বেলাবো থানায় ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দায়ের হওয়া ওই মামলায় (মামলা নং-১৬) তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে নরসিংদীর আদালতে পাঠানো হয়।
পুলিশের দাবি, রাফসান নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে ছাত্রলীগের ব্যানারে বিভিন্ন মিছিলে নেতৃত্ব দিতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট করতেন। তবে তিনি ছাত্রলীগের কোনো আনুষ্ঠানিক পদে ছিলেন না।
বিষয়টি নিশ্চিত করে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে নরসিংদীর আদালতে পাঠানো হয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






