চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড়ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা।

বুধবার (৮ জুলাই) সকালে টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে থাকা একটি টিনশেড ঘরের ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই লামিয়া নামে এক শিশুর মৃত্যু হয়। আহত হন তার বাবা নুরুল আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। তবে সতর্কবার্তা উপেক্ষা করে এখনও অনেকেই ঝুঁকিপূর্ণ এলাকাতেই অবস্থান করছেন।

বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে পাহাড় ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সাইক্লোন শেল্টার আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার রহমাননগর আবাসিক এলাকায় দেয়াল ধসে শফিকুল রহমান নামে এক যুবকের মৃত্যু হয়। ওই ঘটনায় এক শিশুসহ আরও তিনজন আহত হন। টানা বর্ষণের মধ্যে চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে।

প্রাইমটিভি/এমআর