জঙ্গল সলিমপুরে মাটি ধসে ১০ মাসের শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে টানা বৃষ্টির কারণে ঘরের ওপর মাটি ধসে মো. আশরাফুল ইসলাম তানভীর (১০ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সমাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর ওই এলাকার বাগানবাড়ি এলাকার বাসিন্দা মহিন উদ্দীনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে পাহাড়সংলগ্ন এলাকায় মাটি নরম হয়ে পড়ে। সকালে পাহাড়ের কিনারায় অবস্থিত একটি কাঁচা ঘরের ওপর হঠাৎ মাটি ধসে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা শিশু তানভীর গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বলেন, ভারী বৃষ্টির কারণে ঘরটির ওপর মাটি ধসে পড়ে। ঘরটি সম্পূর্ণ কাঁচা হওয়ায় ধসের আঘাতে ১০ মাস বয়সী শিশুটি প্রাণ হারায়।
তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






