নিউইয়র্কে সালাহউদ্দিন আহমদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সালাহউদ্দিন আহমদ ও পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী। (ছবি: সংগৃহীত)
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী।
বৈঠকে মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা, পুলিশ বাহিনীর প্রশিক্ষণ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার রোধে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) সীমান্ত নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখবে। তিনি ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়টিও উল্লেখ করে দুই দেশের জনগণের যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে এর ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন।
এ সময় পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতদের জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) পাওয়ার জটিলতার বিষয়টি তুলে ধরে মানবিক সমাধানে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন তিনি।
নগর নিরাপত্তায় পাকিস্তানের ‘সেফ সিটি’ প্রকল্পের প্রশংসা করে বাংলাদেশে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে কারিগরি ও কৌশলগত সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে উচ্চতর প্রশিক্ষণ প্রদানেরও আহ্বান জানান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের অব্যাহত সমর্থন প্রত্যাশা করছে বাংলাদেশ।
বৈঠকের শেষে পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও সুবিধাজনক সময়ে সফরের আগ্রহ প্রকাশ করেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






