রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের একটি মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলকারীদের ধাওয়া দিয়ে পোস্টার ও ব্যানার জব্দ করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার জসীমউদ্দীন এলাকায় মিছিলটি বের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অংশগ্রহণকারীদের ধাওয়া দেয়। এ সময় একজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে পোস্টার ও ব্যানার জব্দ করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশি তৎপরতা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।