তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা করছেন: সারজিস আলম

ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলকে ‘পোষ্য’ বানানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর দাবি, সংসদ ও রাজপথ—দুই ক্ষেত্রেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে বিএনপি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নোয়াখালীর মাইজদীতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, বর্তমান বিএনপি আর বেগম খালেদা জিয়া কিংবা মেজর জিয়াউর রহমানের সময়ের বিএনপি নয়। একইভাবে, ২০২৪ সালের আগে অনলাইনে জনগণের পক্ষে কথা বলা তারেক রহমানের সঙ্গেও বর্তমান তারেক রহমানের পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এখন তারেক রহমানের সামনে ক্ষমতার বিষয়টি প্রধান হয়ে উঠেছে। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর কীভাবে ক্ষমতা আরও কেন্দ্রীভূত করা যায়, সবকিছু নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায় এবং বিরোধী দলকে পোষ্য বানানো যায়—সেই চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ করেন সারজিস।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আওয়ামী লীগ তাদের সময়ে জাতীয় পার্টিকে ‘পোষ্য বিরোধী দল’ হিসেবে ব্যবহার করেছে বলে যে অভিযোগ রয়েছে, আগামীর বাংলাদেশে বিএনপি তেমন কোনো বিরোধী দল পাবে না। বিএনপির ‘প্রেসক্রিপশন’ অনুযায়ী এনসিপি সংসদ কিংবা রাজপথে চলবে না বলেও মন্তব্য করেন তিনি।
সারজিস বলেন, ‘সংসদ থেকে রাজপথ—প্রতিটি জায়গায় যে প্রতারণার রাজনীতি আপনারা শুরু করেছেন, এর ফল একসময় আপনাদের ভোগ করতে হবে।’
‘অভিজ্ঞতা থাকলে আরও পাঁচ আসনে জিতত এনসিপি’
সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, নির্বাচনের আগে এনসিপির নেতাদের নির্বাচনী অভিজ্ঞতা থাকলে দলটি অন্তত আরও পাঁচটি আসনে জয়ী হতে পারত।
তিনি বলেন, যেসব প্রার্থী দুই থেকে আট হাজার ভোটের ব্যবধানে হেরেছেন, তাঁদের নির্বাচনী অভিজ্ঞতা থাকলে ফল ভিন্ন হতে পারত। তাঁর ভাষ্য, এনসিপির প্রার্থীরা ভোটে নয়, বরং ‘কৌশল ও অপকৌশলের’ কাছে পরাজিত হয়েছেন।
আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনার কথাও তুলে ধরেন এনসিপির এই নেতা। তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে ছাত্র, যুব, নারী ও শ্রমিকসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটি গঠন করা হবে।
সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করে ২০৩১ সালের নির্বাচনে জনগণের রায় নিয়ে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে যাওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।
‘শাহবাগকে হজম করতে পারছে না বিএনপি’
বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে সারজিস আলম বলেন, শাহবাগের আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা ছিল না বলেই দলটি শাহবাগকে মেনে নিতে পারছে না।
তিনি বলেন, ‘শাহবাগ স্টাইলে কথা না বলে শিলং স্টাইলে কথা বললে হয়তো তাদের গায়ে জ্বালা ধরত না। কারণ তারা শাহবাগের লড়াইয়ের মধ্যে ছিল না, সংগ্রামে ছিল না, রাজপথে ছিল না।’
বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে সারজিস বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান শিলং কিংবা লন্ডন থেকে নয়, বাংলাদেশের রাজপথের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, যারা ওই আন্দোলন ও সংগ্রামের অংশ ছিলেন না, তাঁদের ‘অনুপস্থিতি ও হীনমন্যতার’ কারণেই শাহবাগ ও পল্টনকে মেনে নিতে সমস্যা হচ্ছে।
বিএনপিকে সতর্ক করে সারজিস আলম বলেন, বিরোধীদের দমন করতে গিয়ে কেউ যদি অতীতের স্বৈরাচারী শাসকদের পথ অনুসরণ করে, তাহলে তাদের পরিণতিও ভয়াবহ হতে পারে।
‘আমাদের লড়াই দীর্ঘ’
দলের নেতাকর্মীদের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, নিজেদের মধ্যে দ্বন্দ্বে শক্তি ক্ষয় না করে সামনে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।
যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ভবিষ্যতে নেতৃত্বে আসার সুযোগ থাকবে বলেও তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করেন।
কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, রাজনৈতিক পরিষদের সদস্য ও যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এবং নোয়াখালী পৌরসভার এনসিপি মনোনীত মেয়র প্রার্থী কাজী মাঈন উদ্দিন তানভীরসহ জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতারা।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








