পঞ্চমবারের মতো সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

কাজী সালাউদ্দিন । প্রাইম টিভি
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার ও সাবেক বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সালাউদ্দিন। এর আগে ২০০৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হন তিনি এবং টানা চার মেয়াদে দায়িত্ব পালন করেন। গত বছরের গণঅভ্যুত্থানের পর বাফুফে নির্বাচনে অংশ না নিলেও সাফের শীর্ষ পদে নিজের অবস্থান ধরে রাখলেন তিনি।
সাফের গঠনতন্ত্রে আগে সভাপতি পদে দুই মেয়াদের সীমা এবং ৭০ বছরের বেশি বয়সীদের কমিটিতে থাকার বিধিনিষেধ থাকলেও, গত বছর সংশোধিত গঠনতন্ত্রে সেই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়। এরপর থেকেই সালাউদ্দিনের পুনর্নির্বাচন অনেকটা নিশ্চিত ছিল।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাফুফের সমর্থন না নিয়ে নেপাল ও ভুটানের সমর্থনে সভাপতি পদে প্রার্থী হন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচন ছিল আনুষ্ঠানিকতা মাত্র।
এদিকে, বাফুফের সহ সভাপতি সাব্বির আহমেদ আরেফ সাফের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। একই দিনে অনুষ্ঠিত কংগ্রেসে জানানো হয়, ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল আপাতত সাফ চ্যাম্পিয়নশিপের ড্রতে নেই। তবে সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তারা টুর্নামেন্টে অংশ নিতে পারবে। সে ক্ষেত্রে নেপাল স্বাগতিক বাংলাদেশের গ্রুপে যুক্ত হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









