শাহপরীর দ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

ছবিঃ প্রতিনিধি
কক্সবাজার টেকনাফের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় সাগরে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার হাজীপাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। খবর পেয়ে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা বলেন বেড়িবাঁধের ব্লকের মধ্যে এক ব্যক্তির মরদেহ আটকে থাকতে দেখা যায়। পরে বিষয়টি ফাঁড়ি পুলিশকে জানানো হলে, স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোর ৬টার দিকে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের মরদেহ এটি হতে পারে। তবে পরিচয় নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজীব জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর। তার মুখে দাড়ি রয়েছে এবং মরদেহে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন প্রাথমিক ভাবে দেখা যায়নি।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে । একই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূল এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।, মরদেহটি উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






