পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিল

ছবিঃ সংগৃহীত
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে একটি সনাতনী সম্প্রদায়ের নারীকে জড়িয়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে জেলার সনাতনী সম্প্রদায়ের নেতারা।
শনিবার (১ আগস্ট) দুপুরের পর ‘পঞ্চগড় জেলার সচেতন সনাতন ধর্মাবলম্বী’-এর ব্যানারে আয়োজিত এসব কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের সোনালী ব্যাংক মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব অন্যদা প্রসাদ রায়, দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় এবং সনাতনী নারী দীপ্তি রানী ও কল্পনা রানী।
সমাবেশে বক্তারা দাবি করেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া ছবি ও ভিডিও সম্পূর্ণ ভুয়া এবং এগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সনাতনী সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।
পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় বলেন, প্রতিমন্ত্রীর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুৎসিত ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।
কল্পনা রানী বলেন, একটি মহল পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালিয়ে সনাতনী সম্প্রদায়কে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু তারা এসব বিভ্রান্তিতে বিশ্বাস করেন না এবং অতীতের মতো ভবিষ্যতেও প্রতিমন্ত্রীর পাশে থাকবেন।
দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় বলেন, একজন জনপ্রতিনিধির চরিত্র হননের উদ্দেশ্যে মিথ্যা ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
দীপ্তি রানী ও কল্পনা রানী বলেন, প্রতিমন্ত্রীকে নিয়ে একটি সনাতনী নারীকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা অভিযোগ করেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে সনাতনী সম্প্রদায় ও প্রতিমন্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চায়। এ ধরনের অপপ্রচারে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা আরেকটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় প্রেস ক্লাবের সামনে যান। পরে প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সনাতনী সম্প্রদায়ের নেতারা প্রতিমন্ত্রীকে জড়িয়ে ভুয়া তথ্য, ছবি ও ভিডিও প্রচারের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক সনাতনী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






