দেশে আবারও একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে আবারও ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। বিরোধী মত দমন-পীড়নে অতীতের রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত ‘সম্প্রীতির জুলাই গণ-অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।
সাম্প্রতিক সময়ে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আবারও একটি ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন-পীড়নের যে পুরোনো কৌশল, তার পুনরাবৃত্তি এই সরকারের আচরণে দেখা যাচ্ছে।’
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তবে সেই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং দেশে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
সরকার এসব বিষয়ে আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ থাকলে এনসিপি সব ধরনের গঠনমূলক সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন এবং দেশের চলমান সংকট উত্তরণে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শুরু থেকেই একটি অসাম্প্রদায়িক আন্দোলন ছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিম—সব সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই আন্দোলন সফল হয়েছে। তাই রাষ্ট্র পরিচালনায় কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠী নয়, বরং দল-মত-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক নির্যাতন ও সহিংসতার অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







