'নাসীরুদ্দীনকে ছাড়া যেখানে যাবেন বিএনপির পক্ষ থেকে সহযোগীতা করবো'

ছবি:সংগৃহীত
ঝিনাইদহে বিএনপির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করলে বিএনপি সহযোগিতা করবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এনসিপির কয়েকজন নেতা বিভিন্ন জেলায় সফরকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, “আপনারা দেশের যেখানেই যান, নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান। বিএনপির পক্ষ থেকে প্রতিটি জায়গায় আমরা আপনাদের সহযোগিতা করব।”
তিনি দাবি করেন, বিভিন্ন জেলায় রাজনৈতিক সফরের সময় এনসিপির নেতারা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী, আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। এ ধরনের বক্তব্য ঝিনাইদহবাসী মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, বিরোধী দল হিসেবে রাজনৈতিক কর্মসূচি পরিচালনায় বিএনপির কোনো আপত্তি নেই। তবে উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়াটা স্বাভাবিক।
এ সময় ঝিনাইদহ জেলার উন্নয়ন প্রসঙ্গ তুলে তিনি বলেন, জেলার কৃতী সন্তান আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান শুধু নিজের নির্বাচনী এলাকা নয়, জেলার সব উপজেলায় সমান উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করে রাশেদ খাঁন বলেন, তিনি সহনশীল, আন্তরিক ও বিনয়ী একজন নেতা। বিরোধী দলগুলোর উচিত তার রাজনৈতিক আচরণ ও সহনশীলতা থেকে শিক্ষা নেওয়া।
বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এম. এ. মজিদসহ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









