জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে মহানগর বিএনপি। পাশাপাশি ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে এলে তাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।

শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, ‘মহানগর বিএনপির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি। ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে আসার চেষ্টা করলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, বিএনপি কিংবা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোনো ব্যক্তি বা সংগঠন কটূক্তি বা বিভ্রান্তিকর বক্তব্য দিলে নারায়ণগঞ্জের মানুষ তা মেনে নেবে না।

সমাবেশে বক্তারা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা সব দলের দায়িত্ব।

বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মিশনপাড়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।