আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (১ আগস্ট) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। এ সময় মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে আটক করা হয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৯৭ জন রয়েছেন।

এদিকে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া বেআইনিভাবে দেশত্যাগের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন ২৩ জন। একই সঙ্গে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের পরিবহন, আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৭ জনকেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন ব্যক্তি বিভিন্ন আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৪২৪ জনের দেশে ফেরার আগে প্রয়োজনীয় ভ্রমণ প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেওয়ার মতো অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দের বিধান রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্কবার্তা দিয়ে আসছে।

উল্লেখ্য, প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশটি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।

সূত্র: গালফ নিউজ।