দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

ছবিঃ সংগৃহীত
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। এরপর ৩ ও ৪ আগস্ট থেকে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের পরিধি ও তীব্রতা বাড়তে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমে আসার সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল (২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (৩ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (৪ আগস্ট) থেকে বৃষ্টির বিস্তার আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (৫ আগস্ট) ও বুধবার (৬ আগস্ট) দেশের আট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ও দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর বুধবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





