ছেলের সঙ্গে বাড়িতে ফেরার পথে নিখোঁজ, ব্রহ্মপুত্র নদে মিলল বাবার মরদেহ

ছবিঃ সংগৃহীত
ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদ থেকে নূর নবী পাটোয়ারী (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন আগে ছেলে পুলিশ সদস্যের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে পরিবার।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরীর শম্ভুগঞ্জ গোদারাঘাট পাওয়ার স্টেশনসংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নূর নবী পাটোয়ারী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কুণ্ডল বালিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মো. মকবুল হোসেন কিশোরগঞ্জ জেলা পুলিশের ডিএসবিতে কর্মরত।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে বাবাকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন মকবুল হোসেন। পথে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ এলাকায় বাস থেকে নামার পর বাবাকে সেখানে দাঁড় করিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা আনতে যান তিনি। অটোরিকশা নিয়ে ফিরে এসে দেখেন, তার বাবা সেখানে নেই।
পরিবারের সদস্যরা জানান, নূর নবী পাটোয়ারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি নিজের নাম-ঠিকানাও স্পষ্টভাবে বলতে পারতেন না। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ছেলে।
নিখোঁজ হওয়ার দুই দিন পর শনিবার বিকেলে ব্রহ্মপুত্র নদে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের আরেক ছেলে রাকিবুল ইসলাম, যিনি ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকার একটি মসজিদের ইমাম, বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুর ঘটনায় পরিবারের কারও কোনো সন্দেহ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে থানায় লিখিত আবেদন করা হয়েছে।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল। পরে ব্রহ্মপুত্র নদ থেকে নূর নবী পাটোয়ারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





