গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলার অবনতি, তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পাবনা শহরে গণমিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশবিবিরের নেতাকর্মীরা।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা সদর ও পৌর জামায়াতের উদ্যোগে শহরের চাপা মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি বড় বাজার হয়ে আওরঙ্গজেব রোড ঘুরে ইন্দিয়া মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন, পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, সদর উপজেলার জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জাকারিয়া খান প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়ের সঙ্গে বর্তমান সরকার প্রতারণা করেছে। রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য সমস্ত দল স্বাক্ষর করেছিলেন। কিন্তু বর্তমানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সেই জুলাই সনদ ও গণভোটের রায় মেনে নিলো না, এটা জাতির সাথে প্রতারণার শামিল। আপনারা আওয়ামী লীগ এবং হাসিনার পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করেন, না হলে জনগণ রাস্তায় নামলে আপনাদেরও পালিয়ে যেতে হবে।