ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হতে পারে এমন শঙ্কাই মূলত দামের ঊর্ধ্বগতির কারণ। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়েই পরিবহন করা হয়।

স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৫ দশমিক ২৮ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪২ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ০২ ডলারে পৌঁছায়।

নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোইউকি কিকুকাওয়া বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বাজারে তেল কেনার প্রবণতা বেড়েছে। তবে প্রতিবেশী দেশগুলো এখনো কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আপাতত পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংঘাতের পরিস্থিতি আরও জটিল হলে ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ থেকে ৮৭ ডলার পর্যন্ত উঠতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর আগামী কয়েক দিনে আন্তর্জাতিক জ্বালানি বাজারের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে।

প্রাইমটিভি/এনজি