বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

স্বর্ণের বাজার । প্রাইম টিভি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। একদিনেই স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৬ দশমিক ৭৬ ডলারে নেমেছে, যা ১ জুলাইয়ের পর সর্বনিম্ন। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৫ দশমিক ৭০ ডলারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় তেলের দাম বাড়ছে। এর ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে। উচ্চ সুদের পরিবেশে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণের চাহিদা কমে যায়, যা দামের ওপর চাপ সৃষ্টি করছে।
ফরেক্স ডটকমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেছেন, তেলের দাম আরও বাড়তে থাকলে স্বর্ণের দাম প্রথমে প্রতি আউন্স ৩ হাজার ৮০০ ডলার এবং পরে ৩ হাজার ৫০০ ডলার পর্যন্ত নেমে যেতে পারে।
সোমবার ট্রাম্প ইরানের ওপর নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা দেন। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ অর্থ ফেরতের ঘোষণাও দেন। এর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ফিউচারের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায়।
এদিকে বাজারের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্তের দিকে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৭৫ শতাংশ। এছাড়া চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, খুচরা বিক্রি এবং শ্রমবাজারসংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশিত হবে, যা বাজারে নতুন প্রভাব ফেলতে পারে।
শুধু স্বর্ণ নয়, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপা, প্লাটিনাম এবং প্যালাডিয়ামের দামেও উল্লেখযোগ্য পতন হয়েছে।
বিশ্ববাজারে এই দরপতনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস। সংস্থাটি বলছে, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে যে কোনো সময় নতুন মূল্য ঘোষণা করা হতে পারে।
এরই মধ্যে ১৩ জুলাই বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা এবং রুপার দাম ১১৭ টাকা কমিয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









