বিশ্ববাজারে আবারও কমলো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম । প্রাইম টিভি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে যাওয়ায় নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ১৪ দশমিক ৫৩ ডলারে। তবে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য প্রায় অপরিবর্তিত থেকে আউন্সপ্রতি ৪ হাজার ১৯ দশমিক ৮০ ডলারে অবস্থান করে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনাও স্বর্ণের বাজারে চাপ তৈরি করেছে।
এদিকে, জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানে হামলা চালানোর কথা জানিয়েছে। একই সময়ে অঞ্চলটির কয়েকটি মার্কিন মিত্র দেশ নতুন করে ইরানি হামলার তথ্য দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।
বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করতে পারে। তার মতে, স্বর্ণের দাম ৩ হাজার ৮৮৬ ডলারের নিচে নেমে গেলে তা আরও কমে ৩ হাজার ৫০০ ডলারের দিকেও যেতে পারে।
অন্যদিকে, মূল্যবান ধাতুর বাজারে স্পট সিলভারের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৬ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনামের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৫৯৯ দশমিক ৯৭ ডলার। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ১ হাজার ২৪৪ দশমিক ৫০ ডলারে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









