দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি এসব বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) কার্যকর ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী উপাচার্যদের সংলাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, উচ্চশিক্ষার সামগ্রিক মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিধি বাড়াতে হবে। শিক্ষার উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গবেষণাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি জানান, ইতোমধ্যে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ করা হয়েছে। পর্যায়ক্রমে এ বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমে অর্থসংকট অনেকটাই দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে না পারলে উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। তাই সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও গবেষণার সুযোগ বাড়াতে হবে। এ বিষয়ে ইউজিসিকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা বিদেশে গিয়ে ভালো ফলাফল করার পাশাপাশি গবেষণাক্ষেত্রেও সাফল্য অর্জন করছেন। দেশের বাইরে থাকা এসব মেধাবী শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে এনে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জেড এন তাহমিদা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।