চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হবে এ পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর।

রোববার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে গিয়ে আসন গ্রহণ করতে হবে। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে দেড় ঘণ্টা করে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না।

প্রাইমটিভি/এনজি