ভারতে শরীরে টয়লেট ক্লিনার পুশ করে স্বামীকে হত্যা

ছবি: সংগৃহীত
ভারতের তেলেঙ্গানায় পরকীয়ার জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার স্ত্রী, স্ত্রীর প্রেমিক ও তাদের সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত স্ত্রী পেশায় একজন নার্স। তার বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর শরীরে ক্যানুলার মাধ্যমে টয়লেট ক্লিনার প্রবেশ করিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, নিহত প্রশান্ত (৩৫) গত ২৭ বা ২৮ জুন উপসাগরীয় অঞ্চল থেকে দেশে ফেরেন। স্ত্রী সন্ধ্যা ও তার প্রেমিক অনিলের বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় তারা সহযোগী ভেঙ্কট সাই ওরফে বান্টিকে সঙ্গে নিয়ে হত্যার পরিকল্পনা করে।
তদন্ত অনুযায়ী, গত ২৯ জুন বান্টি প্রশান্তকে মদ্যপান করায়। পরে দুজন ছাদে গেলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বান্টি ও সন্ধ্যা মিলে প্রশান্তকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আহত হলেও তিনি প্রাণে বেঁচে যান এবং প্রথমে সরকারি, পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের দাবি, প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ায় পরদিন ৩০ জুন পেশাগত দক্ষতা ব্যবহার করে সন্ধ্যা চিকিৎসাধীন স্বামীর ক্যানুলা দিয়ে টয়লেট ক্লিনার ও অন্যান্য পদার্থ শরীরে প্রবেশ করান। এতে প্রশান্তের মৃত্যু হয়।
গত ১ জুলাই নিহতের মায়ের সন্দেহ হলে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। তদন্তে ঘটনার বিস্তারিত সামনে আসে। জিজ্ঞাসাবাদে বান্টি হামলায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তার দেওয়া বক্তব্য এখনও আদালতে যাচাই হয়নি।
এ ঘটনায় গত ৪ জুলাই সন্ধ্যা, তার প্রেমিক অনিল এবং ভেঙ্কট সাই ওরফে বান্টিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে হাজির করা হলে তিনজনকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









