ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছেছে। বুধবার (৮ জুলাই) নাজাফে জানাজা শেষে মরদেহ কারবালায় নেওয়া হবে। এ উপলক্ষে ইরাকজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমান নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ইরাকি কর্মকর্তাদের উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে মরদেহ গ্রহণ করা হয়।

বুধবার নাজাফে জানাজা শেষে মরদেহ পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। আয়োজকদের আশা, এ শোকানুষ্ঠানে লাখো মানুষ অংশ নেবেন। ইরাকের শিয়া মুসলিমদের কাছে আয়াতুল্লাহ খামেনি দীর্ঘদিন ধরেই একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তার পাশাপাশি পরিবারের আরও কয়েকজন সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়।

কর্মসূচি অনুযায়ী, নাজাফে ইমাম আলী (রা.)-এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাস (রা.)-এর মাজারে মরদেহ নেওয়ার পর আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজা (রা.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে।

প্রাইমটিভি/এনজি