স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

ছবিঃ সংগৃহীত
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ন্যাটো জোটে স্পেনকে ‘ভয়ানক অংশীদার’ বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, গত মার্চে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় স্পেন নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। এছাড়া মার্কিন যুদ্ধবিমানের জন্য স্পেনের আকাশসীমাও বন্ধ রাখা হয়েছিল। ওই ঘটনার জের ধরেই ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
শীর্ষ সম্মেলনে ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া সমঝোতা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “আমার ধারণা, ইরানের সঙ্গে সমঝোতা স্মারকটি কার্যত শেষ হয়ে গেছে।”
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের ৮০টির বেশি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব হামলায় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সেন্টকম আরও দাবি করেছে, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলার সক্ষমতা কমিয়ে আনতে প্রণালির ভেতরে ও আশপাশে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে দেওয়া এসব সামরিক দাবির স্বাধীনভাবে তাৎক্ষণিক যাচাই সম্ভব হয়নি।
সূত্র: আল জাজিরা

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









