মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে অবস্থান করা ‘অত্যন্ত বিপজ্জনক’ ব্যক্তিদের লক্ষ্য করে শক্তিশালী সামরিক হামলা চালিয়েছে।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, “আমরা গত রাতে ইরানের অত্যন্ত বিপজ্জনক লোকদের ওপর খুব শক্তিশালী হামলা চালিয়েছি।” একই সঙ্গে তিনি ইরানের নেতৃত্বের সমালোচনা করে বলেন, দেশটির নীতিনির্ধারকদের আচরণ উদ্বেগজনক।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে সর্বশেষ অভিযানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অভিযানে নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

অন্যদিকে, মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান জানিয়েছে, মার্কিন অভিযানের প্রতিক্রিয়ায় তাদের নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এ পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে দেওয়া এসব দাবির স্বাধীনভাবে তাৎক্ষণিক যাচাই সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা