ইরানের তেল রপ্তানির ওপর ফের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের । সংগৃহীত
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল রপ্তানির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে হামলার খবরও প্রকাশিত হয়েছে। বুধবার (৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মার্কিন এক কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর জন্য ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। এর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি অস্থায়ী সমঝোতার অংশ হিসেবে মার্কিন অর্থ বিভাগ গত মাসে ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমোদন দিয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও এর আশপাশে তিনটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি এবং ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চলমান উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক হামলা ও নতুন নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে বিদ্যমান নাজুক কূটনৈতিক সম্পর্ককে আরও সংকটের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগে প্রতিদিন বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। তাই এই অঞ্চলে নতুন করে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র: রয়টার্স
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









