আন্দোলনের মধ্যেই ভারতে এক মন্ত্রীর পদত্যাগ

প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু । সংগৃহীত
ভারতে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে চলমান রাজনৈতিক ও শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু।
শুক্রবার (২৪ জুলাই) তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। রাষ্ট্রপতি ভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ভারতের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৭৫-এর ধারা (২) অনুযায়ী অবিলম্বে কার্যকর হওয়ার জন্য রবনীত সিং বিট্টুর পদত্যাগ গ্রহণ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আগামী বছরের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেই তিনি মন্ত্রিসভা ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রবনীত সিং বিট্টুর রাজ্যসভার মেয়াদ গত ২১ জুন শেষ হয়। একই কারণে আরেক কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানও সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তাদের কাউকেই পুনরায় রাজ্যসভায় মনোনীত করা হয়নি।
তিনবারের লোকসভার সদস্য বিট্টু ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, তিনি পাঞ্জাবে ফিরে রাজ্যের রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করবেন। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, আগামী বিধানসভা নির্বাচনে লুধিয়ানা সেন্ট্রাল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিট্টুর পাঞ্জাবে প্রত্যাবর্তন ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার কৌশলের অংশ। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের উপস্থিতি বাড়ানোর লক্ষ্য নিয়েই তাকে মাঠে নামানো হতে পারে।
রাজ্যসভায় যাওয়ার আগে রবনীত সিং বিট্টু একবার আনন্দপুর সাহিব এবং দু’বার লুধিয়ানা লোকসভা আসনের প্রতিনিধিত্ব করেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







