একদিনেই ৪৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য বৃদ্ধি, ইতিহাস গড়লো মাইক্রোসফট

ছবি: সংগৃহীত
ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে শক্তিশালী প্রবৃদ্ধির পূর্বাভাসে একদিনেই রেকর্ড ৪৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য বাড়িয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। বৃহস্পতিবার (৩০ জুলাই) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর ১৫ শতাংশের বেশি বাড়ে, যার ফলে এর মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩.৩৫ ট্রিলিয়ন ডলারে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান এলএসইজি-এর তথ্য অনুযায়ী, একদিনে বাজারমূল্য বৃদ্ধির ক্ষেত্রে এটি ইতিহাসে নতুন রেকর্ড। এর আগে ২০২৫ সালের ৯ এপ্রিল চিপ নির্মাতা এনভিডিয়া ৪৪১ বিলিয়ন ডলার মূল্য বাড়িয়ে রেকর্ড করেছিল।
সাম্প্রতিক আর্থিক ফলাফল প্রকাশ পাওয়ার পর বিনিয়োগকারীদের উদ্বেগ কেটে গিয়ে আস্থা বহুগুণ বেড়েছে। ক্লাউড ও এআই খাতে বিপুল বিনিয়োগ এখন সুফল দিতে শুরু করেছে, যা ডেটা সেন্টার ও অবকাঠামোগত ব্যয় নিয়ে থাকা শঙ্কা দূর করেছে।
জ্যাকস ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রধান বাজার কৌশলবিদ ব্রায়ান মুলবেরি জানান, মাইক্রোসফট চমৎকার একটি প্রান্তিক পার করেছে এবং বাজার যা প্রত্যাশা করেছিল, ঠিক তেমন পারফর্ম করেছে। উল্লেখ্য, চলতি বছরে প্রযুক্তি খাতের অন্যান্য বড় কোম্পানির তুলনায় মাইক্রোসফটের শেয়ারদর পিছিয়ে থাকলেও এআই ভিত্তিক এই চমকপ্রদ প্রবৃদ্ধি প্রতিষ্ঠানটিকে আবার শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনল।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








