ঝুম বৃষ্টি বা গরমের আমেজ বিকালের টিফিনে একটু ভিন্ন স্বাদের খাবার হলে মন্দ হয় না। বিশেষ করে ছোটদের টিফিন কিংবা অতিথি আপ্যায়নে ছটফট তৈরি করে নেওয়া যায় প্রাণজুড়ানো ‘ম্যাঙ্গো পুডিং’। আম দিয়ে তৈরি এই ডেজার্টটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই লোভনীয়।

প্রয়োজনীয় উপকরণ

আমের পাল্প (ব্লেন্ড করা আম) ১ কাপ, দুধ ২ কাপ, চিনি ১/৩ কাপ (স্বাদ অনুযায়ী কম-বেশি করা যেতে পারে),আগার আগার পাউডার ১.৫ চা চামচ (জমাট বাঁধানোর জন্য),পানি ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি পাত্রে এক কাপের মতো পাকা আমের ভেতরের অংশ ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে মসৃণ পাল্প তৈরি করে নিন।একটি ছোট বাটিতে দুই টেবিল চামচ পানির সাথে আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে একপাশে রেখে দিন। ও এবার একটি পাত্রে দুধ ও চিনি একসাথে মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। চিনি গলে এলে এতে আগে থেকে গোলানো আগার আগার দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে নিচে লেগে না যায়। দুধ ফুটে উঠলে চুলার আঁচ একদম কমিয়ে দিন।এখন দুধে ব্লেন্ড করা আমের পাল্প মিশিয়ে দিন। হুইস্ক বা চামচ দিয়ে ভালো করে নেড়ে ৩–৪ মিনিট রান্না করুন। মিশ্রণটি থকথকে হয়ে এলে চুলা বন্ধ করে দিন।পুডিং এর ছাঁচ বা পছন্দসই পাত্রে সামান্য তেল বা ঘি ব্রাশ করে গরম মিশ্রণটি ঢেলে দিন। ঘরের তাপমাত্রায় এনে ঠাণ্ডা হতে দিন।কিছুটা ঠাণ্ডা হলে পাত্রটি ফ্রিজে রেখে দিন অন্তত ১ থেকে ২ ঘণ্টা। পুডিং পুরোপুরি জমে গেলে ফ্রিজ থেকে বের করে প্লেটে উপুড় করে ঢেলে নিন। উপর থেকে কয়েক টুকরো আম বা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।