দেশের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আকস্মিক হাসপাতাল পরিদর্শন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে খুব শিগগিরই দেশে নতুন চিকিৎসক এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা প্রসারিত করতে ইতিমধ্যে সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এছাড়া অদূর ভবিষ্যতে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে। বিগত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, "গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নেয়নি।" তবে বর্তমানে দেশে প্রয়োজনীয় ওষুধ, ভ্যাকসিন ও পরিবার পরিকল্পনা সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে বলে তিনি আশ্বাস দেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সার্বিক সেবার খোঁজখবর নেন।

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. রিকাবদার, শরণখোলা ইউএনও অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/বিএম