যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

ছবিঃ সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী শনিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান। তবে সেই বৈঠক অনুষ্ঠিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বুধবার (১৫ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এর আগে ট্রাম্পও ইঙ্গিত দিয়েছিলেন, আগামী সপ্তাহেই নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে সফরের ঘোষণা আসার একদিন আগে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। মঙ্গলবার দিমোনায় এক সম্মেলনে তিনি বলেন, ইরান যদি আবারও ইসরায়েলের ওপর হামলা চালায়, তাহলে তার জবাব হবে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী।
তিনি বলেন, “ইরানের নেতাদের বলছি, আমাদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি শান্ত থাকবে—এমনটা ভাববেন না। আমাদের ওপর আঘাত এলে আমরা নির্ণায়ক ও শক্তিশালী জবাব দেব।”
নেতানিয়াহু আরও বলেন, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যে হামলা চালানো হয়েছিল, ভবিষ্যতে প্রয়োজন হলে তার চেয়েও বড় ও শক্তিশালী অভিযান চালানো হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আগের অভিযানের পুনরাবৃত্তি হবে না। পরবর্তী পদক্ষেপ হবে সম্পূর্ণ ভিন্ন এবং আরও অনেক বেশি শক্তিশালী।”
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার মধ্যে নেতানিয়াহুর সম্ভাব্য ওয়াশিংটন সফরকে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








