শক্তি বাড়াচ্ছে লঘুচাপ, ৫ দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ

ছবিঃ সংগৃহীত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় বিরাজ করছে।
বৃহস্পতিবারের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার থেকে রোববার
শুক্রবার (১৭ জুলাই) ও শনিবার (১৮ জুলাই) দেশের অধিকাংশ অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
রোববার (১৯ জুলাই) রংপুর বিভাগের অধিকাংশ এলাকা এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পাঁচ দিনের আভাস
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। লঘুচাপটি আরও শক্তিশালী হলে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






