‘পথের পাঁচালী’ দেখে সত্যজিৎ রায়ের প্রশংসায় ক্রিস্টোফার নোলান

ছবি: সংগৃহীত
হলিউডের অস্কারজয়ী খ্যাতনামা পরিচালক ক্রিস্টোফার নোলান আবারও ভারতীয় চলচ্চিত্রের প্রতি নিজের গভীর অনুরাগ প্রকাশ করেছেন। সম্প্রতি নিউইয়র্কের বিখ্যাত 'ক্রাইটেরিয়ন ক্লোজেট' পরিদর্শনের সময় তিনি কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এবং তাঁর কালজয়ী সৃষ্টি ‘অপু ট্রিলজি’র ভূয়সী প্রশংসা করেন।
বিশ্বের সেরা ক্লাসিক চলচ্চিত্রের বিশেষ আর্কাইভ হিসেবে পরিচিত ক্রাইটেরিয়ন ক্লোজেট ভ্রমণের সময় নোলান নিজের সংগ্রহের জন্য সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’র বক্সসেটটি বেছে নেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক ভিডিওতে তাকে সত্যজিৎ রায়কে ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে আখ্যা দিতে দেখা যায়।
নোলান জানান, ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত ট্রিলজির প্রথম ছবি ‘পথের পাঁচালী’ দেখে তিনি পুরোপুরি মুগ্ধ হয়েছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত গ্রামীণ বাংলার এক শিশুর সহজ-সরল জীবনসংগ্রামের এই বাস্তবধর্মী চলচ্চিত্রটিকে তিনি অসাধারণ বলে অভিহিত করেন। ট্রিলজির পরবর্তী দুই পর্ব— ‘অপরাজিত’ (১৯৫৬) ও ‘অপুর সংসার’ (১৯৫৯) দেখার জন্য তিনি দারুণ আগ্রহী বলেও জানান।
বাঙালি সংস্কৃতির গর্ব সত্যজিৎ রায়ের এই সৃষ্টি আজও বিশ্বমঞ্চে কতটা প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী, আধুনিক সিনেমার মাস্টারমাইন্ড ক্রিস্টোফার নোলানের এই শ্রদ্ধার্ঘ্য তা আরও একবার প্রমাণ করল।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









