হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩

হামে শিশুর মৃত্যু । প্রাইম টিভি
দেশজুড়ে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনই সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭৩ জন।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৯ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৩৬৮ জন এবং আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৭৫ জন।
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









