মঙ্গলবার সকালে বাবা ইসরাফিল দাড়িয়ার (৪৬) আকস্মিক অসুস্থতা ও দুপুরে তার মৃত্যুর পর শোকে ভেঙে পড়েছিল পুরো পরিবার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শোকে মগ্ন থাকার সুযোগও ছিল না এইচএসসি পরীক্ষার্থী ইকনের। সংসারের একমাত্র উপার্জনেক্ষম বাবাকে হারিয়ে সেই রাতেই কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে সিকিউরিটি গার্ড হিসেবে ডিউটিতে যোগ দিতে হয় তাকে।

বুথের ভেতরের এক কোণে বসেই চলছিল এইচএসসি পরীক্ষার প্রস্তুতি। কালবেলার জেলা প্রতিনিধির চোখে পড়ার পর জানা যায় তার পরিবারের করুণ গল্প। বাগেরহাটে চার হাজার টাকার ভাড়া বাসায় মা ও মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে চরম আর্থিক সংকটে ইকন। আদি বাড়ি গোপালগঞ্জে হলেও দাদা বাগেরহাটে চাকরি করার সূত্রে পরিবারটির বাস সেখানে।

বাবার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে ডিউটি পালন ও পরদিন সকালে যথারীতি এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার এই অভাবনীয় সংগ্রামের খবর প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আবেগ ও সাড়া জাগায়।

ইকনের এই আত্মত্যাগ ও পড়াশোনার প্রতি অদম্য একাগ্রতার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন। তিনি ইকনের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রাইমটিভি/বিএম