দীর্ঘ চার বছর অনিশ্চয়তার পর অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সাইবার-থ্রিলার সিনেমা পূজা মেরি জান’। ২০২২ সালে শুটিং শেষ হলেও বিভিন্ন জটিলতায় আটকে থাকা ছবিটি এবার সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেতে যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী ম্রুণাল।

সিনেমাটি মূলত সাইবার-অপরাধ ও মনস্তাত্ত্বিক ড্রামা ঘরানার। 'পূজা' নামের এক তরুণীকে অদৃশ্য কোনো ব্যক্তির অবিরাম সাইবার স্টকিং এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে পড়ার ভয়ংকর বাস্তব রূপ তুলে ধরা হয়েছে গল্পে।

কেন্দ্রীয় চরিত্র পূজার ভূমিকায় অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন হুমা কুরেশি (সানা), বিক্রম সিং চৌহান (অনিকেত) এবং বিশেষ মোড় ঘোরানো চরিত্রে বিজয় রাজ।নবজ্যোত গুলাটি পরিচালিত এবং ম্যাডক ফিল্মস ও অমর কৌশিকের প্রযোজিত ছবিটি প্রথমে জিওসিনেমায় মুক্তির কথা থাকলেও পরবর্তী সময়ে প্ল্যাটফর্মের ব্যবসায়িক পুনর্গঠনজনিত জটিলতায় মুক্তি পিছিয়ে যায়।

সাইবার অপরাধ ও অবসেসিভ ভালোবাসার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা থাকায় চার বছর পর ম্রুণাল ঠাকুরের এই ভিন্নধর্মী থ্রিলার সিনেমাটি ওটিটি দর্শকদের মাঝে দারুণ আলোচনার সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রাইমটিভি/বিএম