পরিচালক অমিত রাইয়ের নতুন ছবি ‘ওহ মাই ডগ’-এ দেখা যাবে জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। সম্প্রতি এক আড্ডায় সিনেমাটিসহ নিজের কাজের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।

পঙ্কজ জানান, ছবিটির মূল আকর্ষণ দুটি প্রাণী ও এক শিশু। পরিচালকের সঙ্গে বন্ধুত্বের খাতিরেই কেবল সমর্থন হিসেবে এই ছবিতে কাজ করেছেন এবং এর জন্য কোনো পারিশ্রমিক নেননি। নিজের ঘরেও ‘জিনি’ নামের পোষ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পোষ্য প্রাণী মানুষের মধ্যে সংবেদনশীলতা ও নিঃস্বার্থ ভালোবাসা বাড়িয়ে তোলে। ২০০৪ সালে সিরিয়ালে সিকিউরিটি গার্ডের চরিত্রে প্রথম কাজ করে ১,৭০০ টাকা পারিশ্রমিক পাওয়ার স্মৃতিও রোমান্থন করেন তিনি।

কথোপকথনে তাঁর বহুল প্রতীক্ষিত ‘মির্জাপুর’ চলচ্চিত্র নিয়েও আলোচনা ওঠে। ব্যক্তিগত অসুস্থতা ও পারিবারিক প্রতিকূলতার মাঝে কাজ করলেও ডাবিং দেখে তিনি বেশ সন্তুষ্ট। পর্দায় ‘কালীন ভাই’ চরিত্রের একই আমেজ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে মেয়ে অশির অভিনয়জগতে পা রাখা নিয়ে পঙ্কজ জানান, অশি বর্তমানে মঞ্চে কাজ করছে। মেয়েকে কোনো সহজ পথ না দিয়ে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে অভিনয় শেখার পরামর্শ দেন এই অভিনেতা। তবে দ্বিতীয় নাটকে মেয়ের স্বাভাবিক ও সততাপূর্ণ অভিনয় দেখে তিনি আবেগপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন বলেও স্বীকার করেন।

প্রাইমটিভি/বিএম