পশ্চিম তীরে অন্তত ৭০ ফিলিস্তিনিকে আটক, দখলদারদের হামলায় আহত ৮

ছবিঃ সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়ে অন্তত ৭০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পৃথক হামলায় অন্তত আট ফিলিস্তিনি আহত হয়েছেন। সাম্প্রতিক সহিংসতার জেরে পুরো পশ্চিম তীরে নিরাপত্তা অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল।
শনিবার (২৫ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, নাবলুস, জেনিন, হেবরন, রামাল্লাহ, আল-বিরেহ ও বেথলেহেমসহ বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব ফিলিস্তিনিকে আটক করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অভিযানে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়েছে।
এদিকে পশ্চিম তীরের কালকিলিয়া এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত আট ফিলিস্তিনি আহত হন। ফিলিস্তিনি সূত্রের দাবি, আহতদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে নাবলুসের কাছে সংঘর্ষে দুই ইসরায়েলি ও চার ফিলিস্তিনি নিহত হওয়ার পর পশ্চিম তীরে অভিযান আরও জোরদার করে ইসরায়েলি বাহিনী। এ ঘটনার পর বেশ কয়েকটি ফিলিস্তিনি গ্রামে তল্লাশি, আটক অভিযান এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযানের নিন্দা জানিয়ে বলেছে, দখলকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। তবে এ বিষয়ে ইসরায়েলি বাহিনী বলছে, সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







