ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ষড়যন্ত্র আগেই সতর্ক করেছিল জামায়াত,সরকার আমলে নেয়নি: সেলিম উদ্দিন

ছবি:সংগৃহীত
ফ্যাসিস্ট রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ষড়যন্ত্রের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগেই সরকারকে সতর্ক করেছিল, কিন্তু তখন তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রপতির ষড়যন্ত্র এখন প্রমাণিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে '৩৬ জুলাই'-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে সেলিম উদ্দিন বলেন, আজকের সরকার ছিল জুলাইয়ের উপহার। কিন্তু তারা জুলাইয়ের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চেয়েছিলাম। অথচ আগের তুলনায় এখন দুর্নীতি ও চাঁদাবাজি আরও বেড়েছে।
তিনি আরও দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে ৬০০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এছাড়া সংবিধান সংস্কারের শপথ নেওয়া হলেও সরকার তা বাস্তবায়ন করেনি বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ ও অপপ্রচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল করিম এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









