স্থানীয় সরকার নির্বাচনে এখনো কাউকে সমর্থন দেয়নি গণঅধিকার পরিষদ, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

আমিনুল ইসলাম নুর
গলাচিপা পৌরসভা নির্বাচনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে এক ব্যক্তিকে নিয়ে স্থানীয় কয়েকটি আঞ্চলিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন গণঅধিকার পরিষদের নেতা আমিনুল ইসলাম নুর।
শনিবার (২৫ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় গলাচিপা-দশমিনা এলাকায় পৌরসভা, দুটি উপজেলা পরিষদ এবং ২০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত গণঅধিকার পরিষদ কোনো ব্যক্তি বা প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়নি।
আমিনুল ইসলাম নুর বলেন, সম্প্রতি স্থানীয় কিছু গণমাধ্যমে এক ব্যক্তিকে গণঅধিকার পরিষদের মেয়র প্রার্থী হিসেবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তিনি এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেদের নুরুল হক নুরের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে অথবা তাঁর সমর্থন রয়েছে বলে প্রচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য গলাচিপা ও দশমিনা উপজেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দল কোনো সিদ্ধান্ত বা কোনো প্রার্থীকে সমর্থন দিলে তা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। এর আগে এ ধরনের প্রচারণা বা দাবিকে সত্য বলে ধরে না নেওয়ার জন্যও তিনি সবার প্রতি অনুরোধ জানান।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









