চট্টগ্রাম নগরে একটি ইন্টারনেট সেবা-দানকারী প্রতিষ্ঠানে ২ কোটি টাকা চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও অর্থ লুটের ঘটনার সঙ্গে জড়িতদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করা হোক। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও দাবি জানান তিনি। তবে অপরাধীদের কঠিন শাস্তি নিশ্চিত হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, “লক্ষণ খুব ভালো নয়।”

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সরকার কার্যকর নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তাই জনগণকে নিজেদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি প্রশ্ন তোলেন, ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটলেও অপরাধীদের “খুঁটির জোর কোথায়” ?

উল্লেখ্য, চট্টগ্রাম নগরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা দিনদুপুরে প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

প্রাইমটিভি/এমআর