স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান । প্রাইম টিভি
প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, প্রকল্পের সম্ভাবনা অনুযায়ী একজন উদ্যোক্তা ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা পাবেন। অর্থায়নের সিদ্ধান্ত নেবে একটি নিরপেক্ষ কমিটি।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজিত অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মেরও উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় জামানত বা কাগজপত্রের অভাবে ব্যাংকঋণ পান না। সেই সমস্যা দূর করতেই ৫০০ কোটি টাকার এ তহবিল গঠন করা হয়েছে। প্রকল্পের ধরন ও সম্ভাবনা বিবেচনায় একজন উদ্যোক্তাকে ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
তিনি জানান, অর্থায়নের জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না। শুধুমাত্র প্রকল্পের সম্ভাবনা মূল্যায়নের ভিত্তিতেই অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারি অর্থ জনগণের অর্থ। তাই অর্থায়নের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা হবে। তবে কোনো উদ্যোগ শুরুতে প্রত্যাশিত ফল না পেলেও যদি তার সম্ভাবনা থাকে, তাহলে দ্বিতীয় দফায় অর্থায়নের বিষয়টিও বিবেচনায় আনা হবে।
এদিন উদ্বোধন হওয়া জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ এবং অংশীদার প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাবেন।
সংশ্লিষ্টদের আশা, নতুন এ উদ্যোগ দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






