২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার আচরণ নিয়ে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে ফিফা। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, ম্যাচে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদন অনুযায়ী, ফিফা ম্যাচ রেফারির রিপোর্ট ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তদন্তের কেন্দ্রে রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে সহিংস আচরণের অভিযোগে তিনি লাল কার্ড দেখেন। এছাড়া নাহুয়েল মোলিনার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে, উদযাপনের সময় তিনি স্পেনের মিডফিল্ডার রদ্রির দিকে ঘুষি মারার চেষ্টা করেন।

আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার আচরণও তদন্তের আওতায় এসেছে। অভিযোগ, তিনি স্পেনের দানি ওলমোকে ধাক্কা দিয়েছিলেন।

এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, স্পেন বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে উদযাপন করার সময় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় তাদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে ছিলেন, যা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

তবে সম্ভাব্য শাস্তি সম্পর্কে এখনই কোনো মন্তব্য করেনি ফিফা। শৃঙ্খলাভঙ্গের তদন্ত ও পর্যালোচনা শেষ হওয়ার পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। ধারণা করা হচ্ছে, এ বিষয়ে চূড়ান্ত রায় আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

প্রাইমটিভি/এমআর