সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ তারকারা

ছবি:সংগৃহীত
অধিনায়ক রদ্রির নেতৃত্বে স্প্যানিশ দল বিশেষ বিমানে মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে পৌঁছায়।
দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে পুরো মাদ্রিদ এখন উৎসবমুখর। বিমানবন্দরে পৌঁছানোর পর থেকেই বিশ্বচ্যাম্পিয়নদের জন্য সাজানো হয়েছে একাধিক রাষ্ট্রীয় সংবর্ধনা কর্মসূচি।
স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় জারজুয়েলা প্রাসাদে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিসিয়া বিশ্বজয়ী ফুটবলারদের আনুষ্ঠানিক সংবর্ধনা জানাবেন। এরপর সন্ধ্যা ৬টায় দলটি যাবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেসে। আলজেরিয়া সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও দলকে স্বাগত জানাতে মাদ্রিদে ফিরে এসেছেন।
সবচেয়ে বড় আকর্ষণ থাকছে সন্ধ্যা ৭টার বিজয় শোভাযাত্রায়। মনক্লোয়া প্যালেস থেকে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করবে বিশ্বচ্যাম্পিয়নরা। শোভাযাত্রার গন্তব্য ঐতিহ্যবাহী প্লাজা দে সিবেলেস, যেখানে হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও উদযাপন।
মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেজ আলমেদা বলেন, বিশ্বকাপজয়ী এই প্রজন্মকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত পুরো শহর। তার ভাষায়, আগের রাতের উদযাপন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আজও নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
রাজকীয় সংবর্ধনা, রাষ্ট্রীয় অভ্যর্থনা এবং লাখো সমর্থকের ভালোবাসায় বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের এই 'হোমকামিং' ২০২৬ বিশ্বকাপের অন্যতম স্মরণীয় অধ্যায়ে পরিণত হয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









