হাতিয়ার ফেরীর ঘটনায় প্রমাণ হয় এনসিপি পুরোনো বন্দোবস্ত'র রাজনীতি করছে: আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ । প্রাইম টিভি
নোয়াখালীর হাতিয়ার ফেরি ইস্যুকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি দাবি করেছেন, এই ঘটনায় প্রমাণ হয়েছে এনসিপি কথিত ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ নয়, বরং ‘পুরোনো বন্দোবস্তের রাজনীতি’ করছে।
সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবু হানিফ এ মন্তব্য করেন।
পোস্টে তিনি অভিযোগ করেন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে নেওয়ার জন্য মাঝনদী থেকে ফেরি ঘাটে ফিরিয়ে আনা হয়েছে। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে এবং রাষ্ট্রীয় সেবা ব্যক্তিস্বার্থে ব্যবহারের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আবু হানিফ আরও বলেন, এনসিপি নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বললেও তাদের বিভিন্ন নেতার কর্মকাণ্ডে পুরোনো রাজনৈতিক চর্চা, বিশেষ সুবিধা গ্রহণের মানসিকতা, দ্বৈত মানদণ্ড এবং বিতর্কিত আচরণের প্রতিফলন দেখা যাচ্ছে। ফলে জনগণ স্বাভাবিকভাবেই প্রশ্ন করছে, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ বাস্তবে কোথায়?
তার ভাষ্য, জনগণ পরিবর্তনের রাজনীতি চায়, ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি নয়। রাজনীতিতে পরিবর্তনের দাবি কেবল বক্তৃতা বা স্লোগানে নয়, বরং নেতাদের আচরণ ও সিদ্ধান্তে প্রতিফলিত হতে হবে। আইনের দৃষ্টিতে সবাই সমান এবং রাষ্ট্রীয় সেবা ব্যক্তির পদমর্যাদা বিবেচনায় পরিচালিত হবে না, এমন রাজনৈতিক সংস্কৃতিই জনগণের প্রত্যাশা বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, হাতিয়ার ফেরি চলাচল নিয়ে সম্প্রতি ওঠা অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। তবে এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









