নাটোর সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতা-কর্মীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাফুরিয়া ইউনিয়নের গাওপাড়া ও মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গাওপাড়া ঢালান এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আকস্মিক মিছিল করেন। মিছিল শেষে তারা দ্রুত এলাকা ত্যাগ করলে স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর কিছুক্ষণ পর একদল লোক লাঠিসোঁটা নিয়ে মাঝিপাড়া এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের বাড়িতে হামলা চালায়। বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে তারা বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। পরে একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন এবং যুবলীগের কর্মী ও ইটভাটা মালিক নাজমুল হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় বাড়ির পুরুষ সদস্যরা নিরাপদ স্থানে সরে গেলেও নারী ও শিশুরা হয়রানির শিকার হন।

নাম প্রকাশ না করার শর্তে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি জানান, তারা কেউই সকালের ছাত্রলীগের মিছিলে অংশ নেননি। এরপরও তাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তার দাবি, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা স্থানীয় বিএনপির সমর্থক।

তবে কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ পরিকল্পিত হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ছাত্রলীগের মিছিলের পর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এলাকায় মিছিল করেন। মিছিল চলাকালে কিছু ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটতে পারে, তবে বড় ধরনের ভাঙচুর হয়নি বলে তার দাবি।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, রাজশাহী সীমান্ত এলাকা থেকে আসা কয়েকজন যুবক সকালে ঝটিকা মিছিল করে দ্রুত চলে যায়। ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অন্য সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

প্রাইমটিভি/এমএইচ