শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি নাহিদ ইসলামের

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন।
নাহিদ ইসলাম বলেন, বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা উঠে এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরাও চাই তিনি দেশে ফিরবেন, তবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।”
তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; বরং বাংলাদেশ সরকারকেই কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দিল্লির সঙ্গে আলোচনা করে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। সরকারই ঠিক করবে কখন, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে।
বিরোধীদলীয় চিফ হুইপ দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করা দেশের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “এ সরকারের দ্রুত রায়টি কার্যকর করা উচিত। এ ছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে, তাহলে সেটা কারও জন্যই ভালো হবে না।”
এ সময় তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শক্তিগুলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









